বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : এশিয়ান গেমসে সোনা জয় করে দেশে ফেরা মণিপুরের দুই হকি তারকা পুখ্রামবাম সুশীলা চানু ও বিচু দেবী খারিবামকে ইম্ফল বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার ইম্ফলে পৌঁছনোর পর রাজ্যের ক্রীড়ামহল, পরিবারের সদস্য এবং সমর্থকদের কাছ থেকে বীরোচিত অভ্যর্থনা পান দুই খেলোয়াড়।
২০২৬ সালের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে চিনকে ১-০ গোলে হারিয়ে সোনা জয় করে ভারতীয় মহিলা হকি দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সুশীলা ও বিচু দেবী। এই জয়ের ফলে মহিলা হকিতে এশিয়ান গেমসের শিরোপা জয়ের জন্য ভারতের ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটে। একইসঙ্গে এশিয়ান গেমসে সোনা জয়ের সুবাদে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করে ভারত।

ইম্ফল বিমানবন্দরে মণিপুরের যুব ও ক্রীড়া দফতরের আধিকারিক, মণিপুর হকি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, পরিবারের সদস্য এবং বিপুল সংখ্যক সমর্থক দুই খেলোয়াড়কে স্বাগত জানান।
এশিয়ান গেমসে ভারতের সাফল্যের পেছনে সুশীলা চানুর অভিজ্ঞতা ও স্থিরতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যদিকে, দলের গোলরক্ষক হিসেবে বিচু দেবী রক্ষণভাগকে শক্তিশালী করতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
ইম্ফলে ফিরে দুই খেলোয়াড়ই জানান, তাঁদের লক্ষ্য এখন অলিম্পিক দলে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্যে আগামী দিনেও কঠোর পরিশ্রম ও অনুশীলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।



