১৪টি টেবিলে চার রাউন্ডে শিলচর পুর নিগমের ভোট গণনা চলছে

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : শিলচর পুর নিগম নির্বাচনের বহু প্রতীক্ষিত ভোটগণনা প্রক্রিয়া চলছে বলে জানান জেলা কমিশনার রাহুলকুমার গুপ্তা।জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটগণনা শুরু করা হয়েছে। সকাল আটটা থেকেই গণনা কেন্দ্রগুলিতে প্রার্থী এবং তাদের সমর্থকরা উপস্থিত হয়েছেন।

রামনগর আইএসবিটি সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। আইএসবিটি চত্বরে মোট সাতটি হলে গণনার ব্যবস্থা করা হয়। প্রতিটি হলে থাকছে ১৪টি করে টেবিল। চারটি রাউন্ডে গণনা শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা কম থাকলে কোনও কোনও ওয়ার্ডের গণনা তিন রাউন্ডেই সম্পন্ন হতে পারে।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শিলচর পুর নিগমের ৪০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রার্থীদের উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্যে ব্যালট বাক্সগুলি স্ট্রংরুমে সংরক্ষণ করা ছিল।

গণনা প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি টেবিলে একজন করে মাইক্রো অবজারভার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং কাউন্টিং সুপারভাইজার রয়েছেন। পাশাপাশি প্রতিটি হলে দু’জন করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার দায়িত্বে রয়েছেন। গোটা গণনা কেন্দ্রের ব্যবস্থাপনার দায়িত্বে চিফ ইলেকশন অফিসার তথা ডিডিসি রাজীব রায় এবং রিটার্নিং অফিসার তথা কাছাড়ের জেলা কমিশনার রাহুলকুমার গুপ্তা রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *