বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : অসমের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মার একটি বিকৃত ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার অভিযোগে তিতাবরের কুইন হাজরিকাকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা মুখ্যমন্ত্রীর একটি বিকৃত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ‘কুইন হাজৰিকা কুইন’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে ওই ছবি শেয়ার করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সামনে আসার পর পুলিশ কুইন হাজরিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বলে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে ঠিক কী ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
এদিকে, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ভুয়া ও বিকৃত ছবি প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে অসম পুলিশ ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য, বিকৃত ছবি কিংবা মিথ্যা প্রচারের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করার কোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।
অসম পুলিশের বক্তব্য অনুযায়ী, ভুয়া প্রচার তৈরি, প্রচার বা তা আরও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন প্রচারের নেপথ্যে যে-ই থাকুক না কেন, আইনানুগ ব্যবস্থা থেকে কেউ রেহাই পাবে না বলেও সতর্ক করা হয়েছে।
ঘটনাটি সামাজিক মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের বিষয়টি ফের সামনে এনেছে। তবে কুইন হাজরিকাকে ঘিরে পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং অভিযোগের বিস্তারিত তথ্য এখনও অপেক্ষমাণ।



