দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি ফের জোরালো করল হাইকোর্ট বেঞ্চ ডিমান্ড ইমপ্লিমেন্টেশন কমিটির শিলচর ইউনিট। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া আশ্বাস দ্রুত বাস্তবায়নের আবেদন জানিয়েছে কমিটি। সোমবার শিলচরের মালুগ্রামে আইনজীবী ধ্রুবকুমার সাহার বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যরা জানান, বরাক উপত্যকার মানুষের স্বার্থে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে তাঁদের উদ্যোগ অব্যাহত রয়েছে।
কমিটির সদস্য ধ্রুবকুমার সাহা জানান, এ বিষয়ে কমিটির পক্ষ থেকে দেওয়া আবেদন রাজ্যপাল মুখ্যসচিবের কাছে পাঠিয়েছিলেন। পরবর্তীতে মুখ্যসচিব বিষয়টি গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির বিবেচনার জন্য পাঠান। গত ১৬ জুলাই কমিটির ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে দাবির পক্ষে একটি ভিশন ডকুমেন্টও জমা দেয়।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও কমিটির প্রতিনিধিদের সাক্ষাৎ হয়েছে। প্রধান বিচারপতি প্রস্তাবটি অনুমোদন করলে সরকার পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের সাক্ষাৎ হলে তিনি কমিটিকে পুনরায় প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পরামর্শ দেন।
কমিটির বক্তব্য, বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের মানুষ দ্রুত ও সহজে বিচার পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে আইনি কাজে গুয়াহাটি যাতায়াতের ক্ষেত্রে সময়, অর্থ ও শারীরিক দুর্ভোগও অনেকটাই কমবে।
সাংবাদিক সম্মেলনে অধ্যাপক ড. বিভাস দেব, প্রসেনজিৎ দেব, দেবমিতা চক্রবর্তীসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কমিটি।



