মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : সরকারি নির্দেশিকা উপেক্ষা করে মোল্লাগঞ্জের ঈদগাহ হাইস্কুলের পরিচালন কমিটি গঠন করা হয়েছে—এমন অভিযোগ ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান বিলাল আহমদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ তুলে কমিটি বাতিল করে সরকারি গাইডলাইন অনুযায়ী নতুন করে পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের একাংশ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন বিজেপির বোথ কমিটির সভাপতি আহমদ হোসেন লস্কর এবং সিঙ্গারীয়া জিপির ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম খান। তাঁদের অভিযোগ, পরিচালন কমিটি গঠনের ক্ষেত্রে অভিভাবকদের প্রতিনিধিত্ব ও সদস্য নির্বাচনের বিষয়ে নির্দিষ্ট সরকারি নিয়ম রয়েছে। কিন্তু সেই নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
অভিযোগকারীদের আরও দাবি, বিলাল আহমদ বিদ্যালয়ের কোনও ছাত্রছাত্রীর অভিভাবক নন। তা সত্ত্বেও তিনি অভিভাবক শ্রেণির প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তাঁরা প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিরুল হক জানান, বিলাল আহমদের নাম বিদ্যালয়ের কোনও ছাত্রছাত্রীর ভর্তি ফর্মে অভিভাবক হিসেবে নেই। তবে কমিটি গঠনের পর তাঁর পক্ষ থেকে একটি এফিডেভিট জমা দেওয়া হয়েছে। পাশাপাশি ফজল আহমদ নামে এক সদস্য পদ প্রত্যাহার করেছেন বলেও তিনি জানান।

প্রধান শিক্ষক আরও বলেন, কমিটিতে পুরুষ ও মহিলাদের ৫০ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি বলে বিষয়টি সামনে এসেছে। নির্ধারিত পাঁচজন অতিরিক্ত সদস্যের পরিবর্তে ছয়জন সদস্য নির্বাচনের অভিযোগও রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী বিষয়গুলি বিবেচনা করা হবে বলে তিনি জানান।
এদিকে, অভিযোগকারীরা জানিয়েছেন, তাঁরা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং শ্রীভূমি জেলা শিক্ষা পরিদর্শকের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন। তাঁদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অনিয়ম প্রমাণিত হলে নিয়ম মেনে নতুন কমিটি গঠন করতে হবে। প্রশাসনিকভাবে দ্রুত সমাধান না হলে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
তবে বিলাল আহমদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।



