১ লক্ষ ৪২ হাজারেরও বেশি নামের সমীক্ষা সম্পন্ন, নতুন তালিকা তৈরির উদ্যোগ____
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়, দালালি বা আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জেলেও পাঠানো হতে পারে বলে কড়া বার্তা দিয়েছেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য আর্থিকভাবে দুর্বল ও প্রকৃত প্রয়োজনমন্দ পরিবারগুলির জন্য নিরাপদ পাকা বাড়ির ব্যবস্থা করা। তাই সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোনও ব্যক্তি বা মধ্যস্বত্বভোগী টাকা দাবি করলে তা বরদাস্ত করা হবে না। আবাস যোজনায় নাম অন্তর্ভুক্তি, অনুমোদন বা সরকারি অর্থ পাইয়ে দেওয়ার নামে কাউকে টাকা না দেওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

এদিকে, শ্রীভূমি জেলায় আবাস যোজনার নতুন তালিকা তৈরির লক্ষ্যে ব্যাপক সমীক্ষা চলছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ১ লক্ষ ৪২ হাজারেরও বেশি নামের সমীক্ষা সম্পন্ন হয়েছে। সমীক্ষার মাধ্যমে প্রকৃত যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করে নতুন তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পুরনো তালিকায় নাম থাকা, সুপারিশ বা প্রভাবের ভিত্তিতে উপভোক্তা নির্বাচন করা হবে না। সরকারি নির্ধারিত নিয়ম ও যোগ্যতার মাপকাঠি অনুসরণ করেই উপভোক্তা বাছাই করা হবে। একই সঙ্গে অযোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া এবং প্রকৃত দরিদ্র পরিবারকে সুযোগ দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘টাকা দিলেই ঘর’—এই ধরনের প্রতিশ্রুতি থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কেউ আবাস যোজনার নামে টাকা দাবি করলে অর্থ না দিয়ে বিষয়টি প্রশাসনের নজরে আনার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যানের বক্তব্য, গরিব মানুষের ঘরের স্বপ্ন নিয়ে কোনও ধরনের দুর্নীতি বা আর্থিক লেনদেন বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



