নগাঁও উপনির্বাচন: বাঙালি অধ্যুষিত এলাকায় সুস্মিতার প্রচার

Spread the news

বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাশিস শর্মার সমর্থনে বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছে দল। নগাঁও পুরসভার ২৬টি ওয়ার্ডের মধ্যে প্রায় ১০টি ওয়ার্ডে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি ভোটার রয়েছেন বলে স্থানীয় সূত্রের দাবি। এসব এলাকায় রাস্তা, পাকা নালা ও জলনিকাশির সমস্যা দীর্ঘদিনের। বর্ষাকালে জলাবদ্ধতার জেরে বাসিন্দাদের দুর্ভোগও বাড়ে। এই পরিস্থিতিতে শনিবার বাঙালি অধ্যুষিত চকিরটুপ, ধিংগেট, হয়বরগাঁও, তরুণ ফুকন রোড-সহ একাধিক এলাকায় বিজেপির পক্ষে প্রচার চালানো হয়। প্রচারে দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে সামনে রাখা হয়। সন্ধ্যায় হয়বরগাঁওয়ের তরুণ ফুকন রোডে বিজেপির উদ্যোগে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সুস্মিতা দেব কংগ্রেস ও এআইইউডিএফের সমালোচনা করেন। তাঁর দাবি, দুটি দলই কার্যত একই মুদ্রার এপিঠ-ওপিঠ এবং রাজ্যের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন এলেই বিভিন্ন প্রতিশ্রুতি ও প্রলোভন দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

সুস্মিতা দেব বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার রাজ্যের উন্নয়নে কাজ করে চলেছে। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রকল্প নেওয়া হয়েছে এবং তার মাধ্যমে বহু মহিলা উপকৃত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে সুস্মিতা দেবের দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিন্দু বাঙালিদের মধ্যে আর কেউ ডিটেনশন ক্যাম্পে নেই। তিনি বাঙালি ভোটারদের কংগ্রেসকে ভোট দিয়ে লাভ নেই বলেও মন্তব্য করেন। তাঁর বক্তব্য, নগাঁও লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে জয়ী করলে নগাঁও শহরের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নিজের রাজনৈতিক যাত্রার প্রসঙ্গ তুলে তিনি জানান, একসময় কংগ্রেসে থাকলেও নিজের এলাকার মানুষের কথায় বিজেপিতে যোগ দিয়েছেন এবং দলের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *