২০ শতাংশ বোনাসের দাবিতে দার্বি চা-বাগানে শ্রমিক বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : পূজার আগে বোনাসকে কেন্দ্র করে দার্বি চা-বাগানে শ্রমিক অসন্তোষ দেখা দিল। ২০ শতাংশ বোনাসের দাবিতে শুক্রবার বাগান চত্বরে ব্যাপক বিক্ষোভে সামিল হন প্রায় এক হাজার শ্রমিক। বাগান কর্তৃপক্ষের তরফে ১১ শতাংশ বোনাস দেওয়ার প্রস্তাব সামনে আসার পরই শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের দাবি, গত বছর পূজার সময় ডার্বি চা-বাগানে ১২ শতাংশ বোনাস দেওয়া হয়েছিল। এবার নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং সংসারের বাড়তি খরচের কথা বিবেচনা করে ২০ শতাংশ বোনাস দিতে হবে। তাঁদের বক্তব্য, চা-বাগানে দৈনিক শ্রমের বিনিময়ে যে মজুরি তাঁরা পান, তা দিয়ে পরিবারের নিত্যদিনের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, খাদ্য ও পোশাকের পাশাপাশি পূজার অতিরিক্ত ব্যয় মেটাতে বোনাস তাঁদের কাছে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা।

বিক্ষোভকারীদের আরও দাবি, বর্তমানে কিছু চা-বাগান কাঁচা চা-পাতা বিক্রি করেও শ্রমিকদের ১৫ শতাংশ পর্যন্ত বোনাস দিচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাহলে ডার্বি চা-বাগানের শ্রমিকদের ক্ষেত্রে মাত্র ১১ শতাংশ বোনাসের প্রস্তাব কেন—এই প্রশ্নও তুলেছেন তাঁরা। শ্রমিকদের বক্তব্য, বাগান যদি লোকসানে না থেকে লাভজনকভাবে পরিচালিত হয়, তাহলে শ্রমিকদের প্রাপ্য বোনাস কমিয়ে দেওয়ার কারণ কী, তা কর্তৃপক্ষকে স্পষ্ট করতে হবে।

শুক্রবার বাগান চত্বরে জড়ো হয়ে শ্রমিকরা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তাঁদের একমাত্র দাবি, পূজার আগে ২০ শতাংশ বোনাস নিশ্চিত করতে হবে। বিক্ষোভ চলাকালীন রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকদের একাংশ। তাঁদের অভিযোগ, নির্বাচন এলেই নেতা-মন্ত্রীরা চা-বাগানে এসে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে শ্রমিকদের সমস্যা ও জীবনযাত্রার দুরবস্থা নিয়ে আর তেমন উদ্যোগ দেখা যায় না। দাবি পূরণে গুরুত্ব না দিলে আগামী দিনে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতিকে আর গুরুত্ব দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *