হাইলাকান্দিতে মাদকবিরোধী অভিযানে উদ্ধার ইয়াবা, গ্রেফতার ২

Spread the news

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে হাইলাকান্দি শহর সংলগ্ন বাওয়ারঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বাহারুল আলম মজুমদার এবং হায়েদ হোসেন লস্কর নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাহারুল আলম মজুমদার বাউয়ারঘাট প্রথম খণ্ড এলাকার বাসিন্দা। অপর অভিযুক্ত হায়েদ হোসেন লস্কর দক্ষিণ জষ্ণাবাদ এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের মোট ওজন ৮১৬.০৯ গ্রাম। পুলিশের হিসাব অনুযায়ী, বাজেয়াপ্ত করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। জেলা পুলিশের এএসপি সমীর দপ্তর বড়ুয়া (বর্ডার)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের পর উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাইলাকান্দি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *