নরসিংহপুরে সড়ক দুর্ঘটনায় হত যুবক, খবর শুনেই হৃদরোগে মৃত্যুর জেঠুর

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৩ বছরের এক যুবকের। আর সেই মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর প্রায় ৬৫ বছর বয়সী জেঠারও। মর্মান্তিক জোড়া মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সোনাইয়ের সুন্দরী দ্বিতীয় খণ্ড এলাকায়।

বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের নরসিংহপুর এলাকায় একটি অল্টো গাড়ি ও গ্লেমার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সুন্দরী দ্বিতীয় খণ্ডের বাসিন্দা প্রীতম নাথ। স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উল্টো দিক থেকে আসা অল্টো গাড়িটির সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন প্রীতম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ১০৮ অ্যাম্বুলেন্সে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে জানা গেছে।

এদিকে, প্রীতমের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই গভীর শোকে হৃদরোগে আক্রান্ত হন তাঁর জেঠা বিমল নাথ। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাঁকেও মৃত বলে ঘোষণা করেন। এক রাতেই পরিবারের দুই সদস্যকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছে প্রীতমের পরিবার। মর্মান্তিক ঘটনায় সুন্দরী দ্বিতীয় খণ্ড এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, ৩০৬ নম্বর জাতীয় সড়কের নরসিংহপুর অংশে দীর্ঘদিন ধরে গর্ত ও অসমাপ্ত কাজের কারণে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গর্ত এড়াতে গিয়ে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁদের দাবি। দ্রুত সড়ক সংস্কার ও অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনার খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনাগ্রস্ত অল্টো গাড়ি ও গ্লেমার মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *