মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ অক্টোবর : দীর্ঘ ১৬ বছরের শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করলেন পাথারকান্দি শিক্ষা খণ্ডের ৪৬৮ নম্বর দক্ষিণ কটনপুর এলপি স্কুলের প্রধান শিক্ষক কর্ণলাল দেব। গত ৩০ সেপ্টেম্বর বুধবার কর্মজীবন থেকে অবসর নেন তিনি। তাঁকে বিদায় জানাতে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকদের অনেকেই। অনুষ্ঠানের শুরুতে কর্ণলাল দেবকে ফুলের তোড়া, উত্তরীয় ও অসমিয়া গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, পরিচালন কমিটি ও অভিভাবকদের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
এদিনের সভায় এলাকার প্রবীণ ব্যক্তি আমির আলির পৌরহিত্যে বক্তব্য রাখেন ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান, প্রাক্তন প্রধান শিক্ষক আকবর আলী, বদরুল হক, আফিন উদ্দিনসহ অনেকে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে শিক্ষক মুজ্জাকির হোসেন, রুহুল আমিন, আলি আহমেদ এবং বিদ্যালয়ের শিক্ষক মনোজিত কান্তি দেব, শ্যামল মালাকার, শম্ভু তেলিরাও বক্তব্য রাখেন।

বক্তারা কর্ণলাল দেবের নিষ্ঠা, সততা, কর্তব্যপরায়ণতা ও ছাত্রছাত্রীদের প্রতি আন্তরিকতার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, প্রায় ১৬ বছরের কর্মজীবনে তাঁর ছুটির পরিমাণ ছিল মাত্র ১০ দিন। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য তিনি সহকর্মী, অভিভাবক ও স্থানীয় মানুষের কাছে বিশেষ সম্মান অর্জন করেছেন।
বক্তারা বলেন, সরকারি চাকরি থেকে অবসর নিলেও একজন আদর্শ শিক্ষকের শিক্ষা ও মূল্যবোধ কখনও অবসর নেয় না। দক্ষিণ কটনপুর এলপি স্কুলের ছাত্রছাত্রীদের জীবনে কর্ণলাল দেবের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। শেষে সভাপতি আমির আলি বিদায়ী প্রধান শিক্ষকের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হলেও তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতি বিদ্যালয় ও এলাকাবাসীর মনে অমলিন থাকবে।



