দুর্গাপূজার আনন্দ ভাগ করে নিতে ১১৬ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দিলেন শ্রী সারদা সংঘ শিলচর শাখা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : দুর্গাপূজার আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়—এই মানবিক ভাবনাকে সামনে রেখে শ্রী সারদা সংঘ, শিলচর শাখা—‘মায়ের বাড়ি’, নতুনপট্টির উদ্যোগে মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হলো।

দুর্গাপূজা উপলক্ষে কাঁঠাল জিপির অন্তর্গত রাজপুর ও সামপুর এলাকায় এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজপুরের ৯৫ জন এবং সামপুরের ২১ জন—মোট ১১৬ জন মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।

পূজার আগে নতুন পোশাক হাতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি হয়ে ওঠেন এলাকার মহিলারা। কারও কাছে এই শাড়ি হয়তো শুধুই একটি নতুন পোশাক, কিন্তু উৎসবের প্রাক্কালে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের কাছে এটি হয়ে ওঠে ভালোবাসা, সম্মান ও আপনজনের পাশে থাকার এক উষ্ণ বার্তা।

এই মহতী উদ্যোগের ব্যবস্থাপনায় ছিল নেতাজি ছাত্র যুব সংস্থা (NCYS)। অনুষ্ঠানে শ্রী সারদা সংঘের সদস্য-সদস্যাদের পাশাপাশি উপস্থিত ছিলেন কাঁঠাল জিপির সভানেত্রী এবং নেতাজি ছাত্র যুব সংস্থার সদস্যবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মানুষের মুখে হাসি ফোটানো এবং বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর যে সামাজিক দায়বদ্ধতা, সেই ভাবনা থেকেই প্রতিবছর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়।

দুর্গাপূজার প্রাক্কালে এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলেছে। উৎসবের আনন্দ যখন ভাগ করে নেওয়া হয়, তখনই তা হয়ে ওঠে আরও সুন্দর—রাজপুর ও সামপুরে শাড়ি বিতরণের এই কর্মসূচি যেন সেই মানবিক বার্তাই তুলে ধরল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *