শিয়ালমারির প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিন শেখকে বিদায়ী সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : দীর্ঘ ২৬ বছর একই বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে অবসর গ্রহণ করলেন শিয়ালমারির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন শেখ। এই উপলক্ষে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে জাপি, শরাই, ফুলাম গামোছা ও ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজি মহাম্মদ আলি। অনুষ্ঠানে উপস্থিত  বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক জামাল উদ্দিন শেখের দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতা জীবনের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, বরং ওই অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক নিবেদিতপ্রাণ মানুষ।

তাঁর কর্মজীবনে বহু শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত। বিদায়ী প্রধান শিক্ষক জামাল উদ্দিন শেখ তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সহকর্মী ও অঞ্চলবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিদ্যালয় আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে কাটানো প্রতিটি দিন আমার কাছে স্মরণীয়। শিক্ষার উন্নয়নে সবাই যেভাবে সহযোগিতা করেছেন, তা ভুলবার নয়।” আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খাইরুল ইসলাম, লবা শেখ, ইন্নাছ আলি, সিআরসিসি সাদিকুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম, প্রাক্তন ওয়ার্ড সদস্য ইদ্রিস আলি, আব্দুল হাই, ধুমকুরা এমই স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান, শিক্ষক গোলাপ হোসেন, শিক্ষক আব্দুল মালেক, শিক্ষক মজিবুর রহমান, শিক্ষক ইয়ার হোসেন, শিক্ষক আব্দুল রেজাকসহ কাঠনি অঞ্চলের বহু গুণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *