জাল সার্টিফিকেট প্রমাণিত হলে জেলে যেতে হবে : মুখ্যমন্ত্রী______
রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : বিজেপির প্রার্থীরা জয়ী হলে শিলচর শহরের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের জন্য এক কোটি টাকা করে বরাদ্দ করা হবে। বুধবার শিলচরে পুর নির্বাচনের প্রচারে এসে এমন প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এ দিন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির বিজয় সংকল্প সমাবেশে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, শহরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শর্মা। তিনি বক্তব্যে বলেন, বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের ভিত্তিতেই মানুষ ভোট দেবেন। শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপি প্রার্থীদের নির্বাচিত করে নিগমের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। শিলচর তথা বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বিশেষভাবে শিলচর শহরের পানীয় জলের সমস্যার সমাধানের উপর গুরুত্বারোপ করেন। শহরে ২৪ ঘণ্টা পানীয় জল সরবরাহের ব্যবস্থা গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

সভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও রাজনৈতিক সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, শিলচরের উন্নয়নের জন্য বিজেপি সরকার কী করেছে এবং কংগ্রেস কী করেছে, তা জনগণ জানেন। তাঁর দাবি, এবারের নির্বাচনের পর শিলচর পুর নিগম কংগ্রেস মুক্ত হবে।
এ ছাড়া নির্বাচনে প্রার্থীদের নথিপত্র নিয়ে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, কারও জাল সার্টিফিকেট ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের জেলে যেতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, রাজ্যসভার দুই সদস্য কণাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাসসহ দলের অন্যান্য নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ ও বিধায়করা উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানান। আগামী ৩ অক্টোবর শিলচর পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বিজয় সংকল্প সমাবেশের মাধ্যমে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার আরও জোরদার করল বিজেপি। সমাবেশে শিলচর শহরের ৪২টি ওয়ার্ডের বিজেপি প্রার্থী, দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।



