শ্রীভূমির ১৩৩ কেভি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ট্রান্সফরমারসহ একাধিক সরঞ্জাম

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ সেপ্টেম্বর : শ্রীভূমি শহরের বিদ্যুৎ বিভাগের ১৩৩ কেভি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার আচমকা সাবস্টেশনের ভিতরে আগুনের সূত্রপাত হয়। আগুনে ট্রান্সফরমারসহ বিদ্যুৎ সরবরাহের একাধিক গুরুত্বপূর্ণ ও মূল্যবান সরঞ্জাম পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে একটি কেবল বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর মুহূর্তের মধ্যে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাবস্টেশনের ভিতর থেকে দাউদাউ করে আগুন জ্বলতে থাকায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক বাহিনী। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তাঁদের সময়োচিত তৎপরতায় আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় বলে জানা গেছে। তবে আগুনের তীব্রতায় সাবস্টেশনের ভিতরে থাকা ট্রান্সফরমারসহ বিদ্যুৎ সরবরাহের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎ বিভাগের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর ফলে সমগ্র শ্রীভূমি শহরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং পরিষেবা স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণও খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্টেশনের কোন কোন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ পরিষেবা কবে নাগাদ স্বাভাবিক হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট দফতরের বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন শহরবাসী। তদন্ত ও পরিদর্শন সম্পন্ন হওয়ার পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব স্পষ্ট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *