২ নম্বর ওয়ার্ডে প্রার্থীর প্রচারে কিশোর-রাজদীপ-কমলাক্ষ

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ২ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। মঙ্গলবার আব্দুল করিম বড়ভূইয়ার বাসভবনে বিজেপি প্রার্থী সৌরভকান্তি নাথের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বড়খোলার বিধায়ক কিশোর নাথ, উঊারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মণ্ডল সভাপতি পুলক দেব, জেলা পরিষদের প্রাক্তন সভানেত্রী গীতনাথ, সংখ্যালঘু মোর্চার সভাপতি মাসুক আহমেদ লস্কর, পদ্মমণি সিংহ-সহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কিশোর নাথ এলাকার যোগাযোগ ব্যবস্থা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, তাঁর বিধায়ক থাকাকালীন শিলচরের অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণ করা হয়েছে। ওই সেতু দুধপাতিল এলাকার যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও দাবি করেন তিনি।

কিশোর নাথ আরও জানান, দীর্ঘদিনের গণদাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে মধুরাঘাটে বরাক নদীর উপর আরও একটি সেতুর শিলান্যাস করা হয়েছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেতুটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে শিলচর শহরের যোগাযোগ আরও সহজ হবে বলে জানান তিনি।

নির্বাচনে বিজেপি প্রার্থী সৌরভকান্তি নাথের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান কিশোর নাথ। তাঁর দাবি, কংগ্রেসকে ভোট দিলে উন্নয়নের ধারা ব্যাহত হবে, অন্যদিকে বিজেপিকে নির্বাচিত করলে উন্নয়নের কাজ আরও এগিয়ে যাবে।

অন্যদিকে, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা তাঁর বক্তব্যে কংগ্রেসকে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের রাজনীতি মূলত প্রতিশ্রুতি ও স্বপ্ন দেখানোর মধ্যেই সীমাবদ্ধ। আগামী দিনে কংগ্রেসকে রাজনৈতিকভাবে খুঁজে পাওয়া কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজদীপ গোয়ালা বলেন, বিধানসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে কিশোর নাথকে সমর্থন করেছিলেন, এবারও একইভাবে বিজেপি প্রার্থী সৌরভ কান্তি নাথকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, কংগ্রেসকে ভোট দেওয়া মানে উন্নয়নের ধারাকে থামিয়ে দেওয়া। আগামী ৩ অক্টোবর বিজেপি প্রার্থীরা জয়ী হয়ে পুর নিগম পরিচালনার দায়িত্ব পেলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও দাবি করেন তিনি। জনসভায় উপস্থিত অন্যান্য বক্তারাও ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সৌরভ কান্তি নাথকে বিজয়ী করার আহ্বান জানান।

শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। এরই মধ্যে ২ নম্বর ওয়ার্ডের এই জনসভাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী সৌরভ কান্তি নাথের নির্বাচনী প্রচার আরও গতি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *