গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে বেদ জ্ঞান সপ্তাহ সমাপ্ত

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : মহর্ষি সান্দীপনী বেদ বিদ্যা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সপ্তদিবসীয় বেদ জ্ঞান সপ্তাহ মঙ্গলবার শেষ হয়েছে। ২২ থেকে ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে বৈদিক জ্ঞান ও ভারতীয় জ্ঞান-পরম্পরা নিয়ে আলোচনা হয়। সাতজন বিশিষ্ট বক্তা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দ শর্মা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রছাত্রী ও গবেষকরা। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়।
প্রদীপ প্রজ্জ্বলন ও সরস্বতী বন্দনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংস্কৃত বিভাগের ছাত্রী অনিষা দত্ত মন্ত্রপাঠ ও বন্দনা পরিবেশন করেন। স্বাগত ভাষণ দেন সংস্কৃত বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় অধ্যক্ষ এবং কর্মসূচির সংযোজক ড. কেশব লুইটেল।

অনুষ্ঠানে বেদ ও ভারতীয় জ্ঞান-পরম্পরা বিষয়ক বৈদিক প্রদর্শনী আয়োজিত হয়। প্রদর্শনীর গুরুত্বপূর্ণ উপাদান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষণের আহ্বান জানান উপাচার্য। শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ বিশ্ববিদ্যালয়ে পৃথক বৈদিক সংগঠন গঠনের প্রস্তাব দেন।

অধ্যাপক গোবিন্দ শর্মা বৈদিক মন্ত্রের সঠিক উচ্চারণ, স্বর ও পাঠপদ্ধতি নিয়ে ভবিষ্যতে সাত দিনের কর্মশালা আয়োজনের প্রস্তাব দেন। পরে সংস্কৃত বিভাগের ছাত্রীদের সমবেত সংগীত পরিবেশিত হয়। অতিথি অধ্যাপক ড. ভৃগু রাজখোয়া সপ্তাহব্যাপী কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। কল্যাণ মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃত বিভাগের গবেষক ছাত্রী শতরূপা ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *