২৮ সেপ্টেম্বর : TRAI-এর সিদ্ধান্তে মোবাইল ফোনের রিচার্জ প্ল্যানে বড় বদল। এ বার থেকে প্রিপেড গ্রাহকদের জন্য ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যানই রাখতে হবে টেলিকম সংস্থাগুলিকে। একই সঙ্গে যাঁদের মোবাইল ফোনে ডেটার প্রয়োজন নেই, তাঁদের জন্য ভয়েস কল এবং SMS-কেন্দ্রিক প্ল্যানও আরও বেশি করে দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-র নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তাঁর বক্তব্য, এই পরিবর্তনের ফলে বিশেষ করে কম বাজেটের গ্রাহকরা উপকৃত হবেন।
একাধিক টেলিকম অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন নিয়মিত ডেটা প্যাকের পাশাপাশি সমকক্ষ মেয়াদের ভয়েস এবং এসএমএস-ভিত্তিক বিকল্পগুলিও বাজারে নিয়ে আসে। এই সিদ্ধান্তের ফলে প্রবীণ নাগরিক এবং স্বল্প বাজেটের গ্রাহকরা ভীষণভাবে উপকৃত হবেন, কারণ তাঁদের আর অপ্রয়োজনীয় ডেটার জন্য বাড়তি অর্থ খরচ করতে হবে না।
এর আগে গত বছর ডিসেম্বরে TRAI ভয়েস ও এসএমএস প্যাকের নির্দেশ দিলেও টেলিকম সংস্থাগুলি তা পুরোপুরি কার্যকর করেনি বলে অভিযোগ উঠেছিল। বেশিরভাগ সংস্থাই সীমিত বিকল্প এনেছিল এবং ছোট মেয়াদের কোনও প্যাক রাখেনি। সাম্প্রতিক এই নতুন নির্দেশিকা জারির পর সেই ফাঁকফোকরগুলো বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) এক্স হ্যান্ডেলের একটি পোস্টে বলেন, “ভারতের প্রিপেড মোবাইল গ্রাহকদের জন্য সুখবর। সরকার সদ্যই ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন (ত্রয়োদশ সংশোধনী), ২০২৬’ চালু করেছে। এর ফলে গ্রাহকরা পাবেন: ৩০ দিনের রিচার্জ প্ল্যান, শুধুমাত্র ভয়েস কল ও এসএমএস-এর প্ল্যান এবং স্বল্প বাজেটের গ্রাহকদের জন্য আরও উপযুক্ত বিকল্প।” উল্লেখ্য, গত মার্চ মাসে রাঘব চাড্ডা সংসদে ২৮ দিনের রিচার্জ প্ল্যান এবং ডেটাবিহীন প্যাকের অভাব নিয়ে সরব হয়েছিলেন। তবে এবার এই নিয়ম লাগু হওয়ায় গ্রাহকদের খরচ কতটা কমবে, সেটাই এখন দেখার।



