বাজারিছড়ায় ৪৫ বছরের দুর্গাপূজায় এবার নেতৃত্বে মহিলারা

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে বাজারিছড়ার কালাছড়া হাসপাতাল রোড বারোয়ারি দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। এবারের পূজার বিশেষ আকর্ষণ, ৪৫ বছরের ঐতিহ্যবাহী এই পূজা প্রথমবার স্থানীয় মহিলাদের নেতৃত্বে পরিচালিত হতে চলেছে। ইতিমধ্যে পরিচালন কমিটি গঠন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পূজাও সম্পন্ন হয়েছে।

সর্বসম্মতিক্রমে সুমি পালকে সভানেত্রী এবং রাখি নাগকে সাধারণ সম্পাদিকা নির্বাচিত করা হয়েছে। সহ-সভানেত্রী হিসেবে রয়েছেন রত্না সিংহ ও পূজা পাল। সহ-সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন নেলী দেবরায় ও বর্ষা দাস। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজশ্রী দে ও ঝুমা দাসকে। এছাড়া এলাকার একাধিক মহিলা সদস্য পরিচালন কমিটিতে রয়েছেন। পূজা পরিচালনায় পরামর্শ ও সহযোগিতার জন্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে উপদেষ্টা মণ্ডলীও।

কমিটি সূত্রে জানা গেছে, এবারের পূজায় কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হবে বিশাল মণ্ডপ। থাকবে আকর্ষণীয় আলোকসজ্জা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান। মহাষষ্ঠীর দিন দেবীর বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হবে। পূজার দিনগুলিতে ভক্তদের জন্য থাকবে মহাপ্রসাদের ব্যবস্থা। বিশেষ করে নবমীর দিন সন্ধ্যা পর্যন্ত পঞ্চব্যঞ্জনসহ মহাপ্রসাদ বিতরণের পরিকল্পনা রয়েছে।
পূজা কমিটির সাধারণ সম্পাদিকা রাখী নাগ জানান, দীর্ঘ ৪৫ বছরের পথচলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্য বজায় রেখেই এই পূজার আয়োজন হয়ে আসছে। স্থানীয় বাসিন্দা, দোকানদার ও ব্যবসায়ীদের সহযোগিতায় প্রতি বছর পূজা অনুষ্ঠিত হয়। অর্থের পাশাপাশি এলাকার মানুষের সম্মিলিত অংশগ্রহণই এই আয়োজনের মূল শক্তি।
দশমীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হবে এবং ঐতিহ্য মেনে বিসর্জন সম্পন্ন হবে। এবারের পূজাকে সফল করতে ইতিমধ্যেই দায়িত্ব ভাগ করে প্রস্তুতিতে নেমেছেন মহিলা সদস্যরা।

সভানেত্রী সুমি পাল ও সাধারণ সম্পাদিকা রাখি নাগ সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের পূজামণ্ডপে এসে দেবীদর্শন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মহাপ্রসাদ গ্রহণের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে মহিলাদের নেতৃত্বে আয়োজিত এবারের পূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *