হাইলাকান্দিতে ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : বিশিষ্ট বাংলা চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে হাইলাকান্দিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবপ্রজন্মের কাছে ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র ও তাঁর সৃষ্টিশীলতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল ২৮ সেপ্টেম্বর সোমবার হাইলাকান্দি শহরের শ্রীকিষণ সারদা কলেজে সকাল ১১টা থেকে শুরু হবে আলোচনা সভা। অনুষ্ঠানে ঋত্বিক ঘটকের জীবন, চলচ্চিত্র এবং তাঁর সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি থাকবে ঋত্বিক ঘটককে নিয়ে প্রদর্শনী ও তাঁর নির্মিত চলচ্চিত্রের প্রদর্শন।

ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে দেশভাগ ও বঙ্গভাগের অভিঘাত, উদ্বাস্তু মানুষের জীবনসংগ্রাম এবং ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার যন্ত্রণা বিশেষভাবে উঠে এসেছে। তাঁর চলচ্চিত্রের মধ্য দিয়ে দেশভাগের সামাজিক ও মানবিক অভিঘাতকে গভীরভাবে তুলে ধরা হয়েছে। জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সেই ইতিহাস ও চলচ্চিত্র-ভাবনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য।

‘ঋত্বিক ঘটক জন্ম শতবর্ষ উদযাপন সমিতি, হাইলাকান্দি’-র উদ্যোগে এবং ‘বরাক এন্টারটেইনমেন্ট সোসাইটি, শিলচর’-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে চলচ্চিত্রপ্রেমী, সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *