বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : দেশব্যাপী স্বচ্ছতা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে শিলচরে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করল পূবালী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা। রবিবার সংস্থার সদস্যরা শিলচর রেল স্টেশনের প্রবেশমুখে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এদিন সংস্থার সদস্যরা রেল স্টেশনের প্রবেশপথ ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি, শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তাও দেওয়া হয়।

সংস্থার সম্পাদক প্রণব কল্যাণ দে এক বার্তায় বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ নাগরিকদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। সমাজের বিভিন্ন সংগঠন সম্মিলিতভাবে এ ধরনের কর্মসূচি গ্রহণ করলে শিলচরকে আরও স্বচ্ছ ও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। তিনি শহরের অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও পরিচ্ছন্নতা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, নিয়মিতভাবে এমন উদ্যোগ নেওয়া হলে শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নাগরিকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পাবে।



