২৭ সেপ্টেম্বর : কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে মন্ট্রিলের দক্ষিণ-পূর্বে স্যাঁত-ব্রিজিদ-দ’ইবারভিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে হাইওয়ে ১০-এর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময় হেলিকপ্টারটি আগুনে জ্বলছিল।
কুইবেকের প্রাদেশিক পুলিশ স্যুরেতে দু কেবেক জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা চার আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। হেলিকপ্টারটির মালিকানা, কোথা থেকে এটি উড্ডয়ন করেছিল কিংবা কোথায় যাচ্ছিল, সে বিষয়েও বিস্তারিত জানায়নি পুলিশ। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার তদন্তে কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ড ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠাচ্ছে।
রয়টার্স জানায়, জাতীয় সম্প্রচারমাধ্যম সিবিসি ও সিটিভিও পুলিশের বরাতে দুর্ঘটনার সময় এবং চার আরোহীর মৃত্যুর তথ্য জানিয়েছে।



