সৈদপুরে স্কুল গেটের সামনে থেকে নিখোঁজ ছাত্র, উৎকণ্ঠায় পরিবার

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : স্কুলে যাওয়ার পর ১৪ বছর বয়সী এক ছাত্র নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে সোনাইয়ে। নিখোঁজ ছাত্রের নাম আহমদ হোসেন লস্কর। তিনি সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্কুল ভ্যানে করে সৈদপুর চতুর্থ খণ্ডস্থিত অগ্রগামী স্কুলের গেটের সামনে নামার পর থেকেই আহমদের আর কোনও সন্ধান পাওয়া যায়নি। বিকেল পর্যন্ত ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্কুলে যোগাযোগ করেন। স্কুল কর্তৃপক্ষ জানায়, ছাত্রটি ওইদিন স্কুলে উপস্থিত ছিল না।

এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকা এবং আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর চালান। কিন্তু কোথাও তাঁর সন্ধান না মেলায় শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে সোনাই থানায় নিখোঁজ সংক্রান্ত এফআইআর দায়ের করেন ছাত্রটির বাবা নজরুল ইসলাম লস্কর ওরফে মঙ্গল।

নিখোঁজ ছাত্রের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি পরিবারের সদস্যরাও বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন। কেউ আহমদ হোসেনের সন্ধান পেয়ে থাকলে ৭৬৩৫৯৮৬৭৮৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *