বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শ্রীভূমি শহরের বেহাল রাস্তা, নাগরিক পরিষেবার দুরবস্থা এবং বিভিন্ন জনসমস্যার দ্রুত সমাধানের দাবিতে জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করলেন যুব সমাজের পরিচিত প্রতিবাদী মুখ শুভজিৎ চক্রবর্তী, রত্নদীপ মজুমদার, দীপঙ্কর দাস ও পার্থ মল্লিক। স্মারকপত্রে শহরের বিভিন্ন এলাকার বেহাল সড়কের বিষয়টি তুলে ধরে দ্রুত মেরামত ও উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি নাগরিক পরিষেবার ঘাটতি ও সাধারণ মানুষের দৈনন্দিন দুর্ভোগের বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। শহরের সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করার আহ্বান জানানো হয়।
এদিন শুভজিৎ চক্রবর্তী ও রত্নদীপ মজুমদার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির নবনির্বাচিত বিধায়কের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, নির্বাচনের পরও সমষ্টির সার্বিক উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। উন্নয়নের ক্ষেত্রে বিধায়ক প্রয়োজনীয় ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন বলেও তাঁরা দাবি করেন। তাঁদের বক্তব্য, শ্রীভূমি শহরের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি উত্তর করিমগঞ্জ কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।



