বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় ন্যাশনাল হাইওয়ে রোডে বিজেপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত হয় এক জনসভাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার, বিজেপির জেলা সভাপতি রূপম সাহা, প্রার্থী রাজশ্রী রায়, প্রসেনজিৎ ভট্টাচার্যসহ দলের নেতা-কর্মীরা।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ রায় বলেন, শিলচরকে পুর নিগমে উন্নীত করার পর শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাংসদ ও বিধায়কদের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত শিলচর পুর নিগমে বর্তমানে প্রায় ২ লক্ষ ৭০ হাজার ভোটার রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বিভিন্ন আইনি জটিলতার কারণে এতদিন পুর নিগমের নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। তবে প্রতিশ্রুতি অনুযায়ী এবার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আরও গতি পেয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজদীপ রায় বলেন, শিলচরের উন্নয়নকে আরও ত্বরান্বিত করে পুর নিগমকে একটি পরিকল্পিত ও উন্নত শহর হিসেবে গড়ে তোলাই অন্যতম লক্ষ্য। জনসভায় বিজেপির অন্যান্য নেতারাও নির্বাচনী প্রস্তুতি ও শিলচরের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন।



