অনলাইন সামগ্রীর আড়াল থেকে কফ সিরাপ উদ্ধার, চুরাইবাড়িতে আটক চালক

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ত্রিপুরার আগরতলাগামী একটি ছয় চাকার কন্টেইনার লরি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করল বাজারিছড়া থানার চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। মঙ্গলবার তল্লাশির সময় বিভিন্ন অনলাইন সামগ্রীর আড়ালে কার্টনে ভরে পাচারের অভিযোগে ২২৫০ বোতল ‘এস্কাফ’ কফ সিরাপ উদ্ধার করা হয়। এর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় লরি চালককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশে রওনা দেওয়া এএস-০১-আরসি-৯৯২৮ নম্বরের লরিটি চুরাইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছালে নিয়মিত তল্লাশির জন্য থামানো হয়। ওয়াচ পোস্টের গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ তল্লাশি চালানোর সময় অনলাইন সামগ্রীর মধ্যে থাকা কয়েকটি সন্দেহজনক কার্টন নজরে আসে। কার্টনগুলি খুলতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ কফ সিরাপ।
পুলিশের হিসাব অনুযায়ী, মোট ১৫টি কার্টন থেকে ২২৫০ বোতল সিরাপ উদ্ধার হয়েছে। প্রতিটি কার্টনে ছিল ১৫০টি করে বোতল।

এই ঘটনায় লরি চালক বিপ্লব দাস (২৬)-কে আটক করা হয়েছে। তিনি বাজারিছড়া থানার রাধাপ্যারী বাজার এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া সিরাপ ও লরিটি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

গুয়াহাটি থেকে আগরতলায় এই চালান পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তবে পাচারের সঙ্গে আরও কারা জড়িত, সিরাপের উৎস এবং সম্ভাব্য গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়েরের পাশাপাশি ধৃত চালককে বুধবার জেলা সিজেএম আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *