চাঁদখিরায় ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ সেপ্টেম্বর : শিক্ষাজীবনে সাফল্যের পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ ও সঠিক ক্যারিয়ার বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরে পাথারকান্দির চাঁদখিরায় স্বামী বিবেকানন্দ কলেজে অনুষ্ঠিত হল ক্যারিয়ার কাউন্সেলিং সেশন। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতের পথ বেছে নেওয়ার আহ্বান জানান জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষা, পেশাগত প্রশিক্ষণ, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। প্রচলিত কয়েকটি পেশার মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে নতুন নতুন কর্মক্ষেত্র সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিন শিক্ষার্থীদের মধ্যে ‘নিজুত মইনা’, ‘নিজুত বাবু’-সহ বিভিন্ন সরকারি প্রকল্প এবং জাতীয় স্তরের স্কলারশিপ কর্মসূচি নিয়েও সচেতনতা তৈরি করা হয়। আর্থিক কারণে যাতে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বাধা না আসে, সে জন্য সরকারি সহায়তা ও বৃত্তির সুযোগ সময়মতো কাজে লাগানোর আহ্বান জানানো হয়।
আলোচনায় পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণ, প্রযুক্তিগত দক্ষতা ও যোগাযোগ ক্ষমতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব নিয়ে লক্ষ্য স্থির করে নিয়মিত পরিশ্রম করার আহ্বান জানান।

কর্মসূচিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সরকারি সুযোগ সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হওয়ায় তাঁদের মধ্যে উৎসাহ দেখা যায়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কাউন্সেলিং সেশন শিক্ষার্থীদের সঠিক দিশা বেছে নিতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *