বরাক তরঙ্গ, ৪ নভেম্বর : হাইলাকান্দি শহরের হার্টবার্টগঞ্জ বাজারের বাসিন্দা তথা বিশিষ্ট ব্যবসায়ী রাখালচন্দ্র ভৌমিকের প্রয়াণে হাইলাকান্দি শহরসহ জেলার বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

মৃত্যুকালে তিনি ছয় পুত্র—স্বপন কুমার ভৌমিক, জগন্নাথ ভৌমিক, দেবাশিস ভৌমিক, নয়নগুহ ভৌমিক, বিজয় কুমার ভৌমিক ও সঞ্জয় ভৌমিক, এক বিবাহিত কন্যা, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণমুগ্ধকে রেখে গেছেন। বুধবার ভোরে হাইলাকান্দি মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যে শহরের বিভিন্ন মহলের বহু মানুষ উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

এদিকে, বিশিষ্ট নাগরিক রাখাল চন্দ্র ভৌমিকের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, তাঁর পুত্রবধূ ঝর্ণা ভৌমিক এলাকার একজন ওয়ার্ড কমিশনার। এছাড়া পরিবারের অন্যতম সদস্য জগন্নাথ ভৌমিকসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে হাইলাকান্দি শহরের মানুষের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সুবাদে রাখালবাবুর প্রয়াণে শহরজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাইলাকান্দির বিধায়ক ড০ মিলন দাস, প্রাক্তন বিধায়ক রাহুল রায়, জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী, পৌরপতি মানব চক্রবর্তী, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা।
রাখাল চন্দ্র ভৌমিকের প্রয়াণে হাইলাকান্দি শহর একজন পরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে হারাল। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন মহল থেকে সমবেদনা জানানো হয়েছে।



