শিলচরে দেবশিল্পী বিশ্বকর্মার পূজায় উৎসবের আমেজ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : ধর্মীয় রীতিনীতি ও ভক্তিভরে শুক্রবার শিলচরজুড়ে পালিত হল দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মার পূজা। পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে কল-কারখানা, বিভিন্ন ওয়ার্কশপ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন সংক্রান্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি দফতরেও বিশেষ আয়োজন করা হয়। এদিন শিলচরের পিএইচই কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানে পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পূজার্চনা সম্পন্ন হয়। কর্মী ও ভক্তরা দেবশিল্পী বিশ্বকর্মার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করেন।

পূজাকে ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যালয় বিশেষভাবে সাজিয়ে তোলা হয়। কোথাও ফুল ও আলোকসজ্জায় সজ্জিত করা হয় পূজামণ্ডপ, আবার কোথাও কর্মীদের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ ভোগ ও প্রসাদের। সকাল থেকেই পূজামণ্ডপগুলিতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূজার পাশাপাশি সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শুভেচ্ছা বিনিময়েও উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

পূজা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মী, ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। অনেক জায়গায় দুপুরে ভোগের আয়োজনও করা হয়। আয়োজকদের সূত্রে জানা গেছে, কয়েকটি প্রতিষ্ঠানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচিরও আয়োজন করা হয়েছে।
প্রযুক্তি, শিল্প ও কারিগরি কাজের সঙ্গে যুক্ত মানুষদের কাছে বিশ্বকর্মা পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই ঐতিহ্যকে সামনে রেখেই প্রতি বছরের মতো এ বছরও শিলচরের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মস্থলে নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে পূজার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *