শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : বৃহস্পতিবার রাতে পুকুরের মাঝখান থেকে রহস্যজনক আলো জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালাইনের ব্রাহ্মণগ্রাম এলাকায়। বাজারমুখী সড়কের পাশে থাকা একটি পুকুরে ওই আলো দেখা যায়। মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘিরে নানা গুজব ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের একাংশের ধারণা ছিল, কোনও ব্যক্তি বা মোটরবাইক দুর্ঘটনায় পুকুরে পড়ে গিয়ে থাকতে পারে। আবার কেউ কেউ ঘটনাটিকে অলৌকিক বলেও প্রচার করতে শুরু করেন। কেউ কেউ বলেন, খালি মদের বোতল ছুঁড়ে ফেলতে ভুলে হয়তো হাতের টর্চ ফেলে দিয়েছেন। পুকুরের মাঝখানে অন্ধকারের মধ্যে আলো জ্বলতে দেখে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পাশাপাশি উদ্ধার অভিযানের জন্য এসডিআরএফকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি শুরু করে।

অবশেষে তল্লাশি চালিয়ে পুকুরের মাঝখান থেকে একটি সাধারণ প্লাস্টিকের টর্চলাইট উদ্ধার করা হয়। জানা যায়, টর্চটি পুকুরের জলে পড়ে যাওয়ার পরও জ্বলছিল। দূর থেকে সেই আলো দেখেই নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে।
টর্চলাইট উদ্ধারের পরই রহস্যের অবসান হয়। অলৌকিক ঘটনা কিংবা দুর্ঘটনার আশঙ্কা কোনওটিই সত্যি নয় বলে স্পষ্ট হয়ে যায়। ঘটনাটি নিয়ে এলাকায় ছড়িয়ে পড়া নানা জল্পনা-কল্পনারও অবসান ঘটে।



