বিজেপির সভায় উপস্থিতির বিতর্কের পর সক্রিয় রাজনীতি থেকে অবসর বাবুল হোড়ের

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : বিজেপি প্রার্থীর নির্বাচনী সভায় উপস্থিতি ও সেই সংক্রান্ত ছবি ঘিরে বিতর্কের মধ্যেই সক্রিয় রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন শিলচর জেলা কংগ্রেসের সহ-সভাপতি বাবুল হোড়। বৃহস্পতিবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈকে চিঠি দিয়ে দলের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।

৩ অক্টোবর শিলচর পুর নিগমের ৪২টি ওয়ার্ডে ভোট। তার আগে বিজেপির ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী ভক্তি সেন তালুকদারের সমর্থনে আয়োজিত একটি সভায় বাবুল হোড়ের বক্তব্য রাখার ছবি প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে জেলা কংগ্রেস প্রদেশ নেতৃত্বকে রিপোর্ট করে। যদিও বাবুলের দাবি, তিনি বিজেপি প্রার্থীর হয়ে বক্তব্য রাখেননি; কালীবাড়ির উন্নয়ন নিয়েই কথা বলেছিলেন।

প্রদেশ সভাপতিকে লেখা চিঠিতে বাবুল জানান, ওই সভায় তাঁকে ওয়ার্ডের প্রবীণ ও বিশিষ্ট নাগরিক হিসেবে সম্মান জানানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য জেলা কংগ্রেস অভিযোগ করেছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। চিঠিতে জেলা কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাবুল। তাঁর অভিযোগ, গত কয়েক বছরে দলে এমন পরিবেশ তৈরি হয়েছে, যা সক্রিয়ভাবে কাজ করার পক্ষে অনুকূল নয়। ইন্দিরা ভবনে ভাঙচুর, জেলা সভাপতির চেয়ার বাইরে ফেলে দেওয়া এবং নেমপ্লেটে পদাঘাতের মতো ঘটনাকে তিনি দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, একের পর এক সাসপেনশন ও বহিষ্কার হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়েও প্রশ্ন তুলে বাবুলের অভিযোগ, পর্যাপ্ত আলোচনা ছাড়াই অনেক প্রার্থী নির্বাচন করা হয়েছে। তাঁদের কয়েকজনের জনসমর্থন নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

১৯৭৭ সাল থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত বাবুল দীর্ঘ রাজনৈতিক জীবনে সন্তোষমোহন দেব, তরুণ গগৈ, হিতেশ্বর শইকিয়া-সহ বহু প্রবীণ নেতার সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা চিঠিতে উল্লেখ করেছেন। বর্তমান পরিস্থিতিতে দলকে ধন্যবাদ জানিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি। পাশাপাশি গৌরব গগৈয়ের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেস ভবিষ্যতে পরিস্থিতি কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *