জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার হাইলাকান্দিতে দিব্যাঙ্গজনের মধ্যে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। দেশের ৭৬টিরও বেশি স্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় সামাজিক অধিকারিতা শিবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, হাইলাকান্দির বিধায়ক ড০ মিলন দাস, জেলা আয়ুক্ত জয় বিকাশ, সমাজসেবী স্বপন ভট্টাচার্য, সক্ষম-এর পক্ষে গোবিন্দ চন্দ্র নাথ এবং অ্যালিমকোর প্রতিনিধি সৌমদীপ মণ্ডল প্রমুখ। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজকল্যাণ আধিকারিক মঞ্জিত দাস।
জেলা আয়ুক্ত জয় বিকাশ দিব্যাঙ্গজনকে সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে উল্লেখ করে সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধার সুফল গ্রহণের আহ্বান জানান।
সাংসদ কৃপানাথ মালা জানান, প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে দেশের ৭৬টিরও বেশি স্থানে ৫৮,০০০-এরও বেশি প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে বিনামূল্যে সহায়ক সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। হাইলাকান্দি জেলায় প্রায় সাড়ে তিন হাজার দিব্যাঙ্গজন এই সুবিধা পাচ্ছেন। দেশব্যাপী কর্মসূচিতে প্রায় ৬৮ কোটি টাকা ব্যয় করা হবে বলেও তিনি জানান।
বিধায়ক ড. মিলন দাস জানান, অ্যালিমকোর বাছাই শিবিরে সুবিধাভোগীদের প্রয়োজন মূল্যায়ন করে তাঁদের জন্য উপযুক্ত সহায়ক সরঞ্জাম নির্দিষ্ট করা হয়েছে। হাইলাকান্দিতে ১,০৬৮ জন সুবিধাভোগীর মধ্যে ৯৬ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের মোট ৩,৫৩৫টি সহায়ক সরঞ্জাম বিতরণ করা হবে।
সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যালিমকো জেলা প্রশাসনের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করছে। ‘রাষ্ট্রীয় বায়োশ্রী যোজনা’ ও ‘এডিআইপি’ প্রকল্পের আওতায় যোগ্য প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সহায়ক সামগ্রী প্রদান করা হচ্ছে।
এরপর আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের মধ্যে সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল বিদ্যুৎচালিত ত্রিচক্রযান, টিএলএম কিট, শ্রবণযন্ত্রসহ বিভিন্ন ধরনের সহায়ক সরঞ্জাম। এদিন সাইবার নিরাপত্তা বিষয়েও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।



