বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে শিক্ষা, খেলাধুলা, যোগাভ্যাস, সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন ও সমাজসেবায় নিজেদের শক্তি কাজে লাগানোর আহ্বান জানালেন অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। বৃহস্পতিবার কাছাড় জেলার লক্ষীপুরের পয়লাপুলে আয়োজিত ‘নেশামুক্ত ভারত সংকল্প পদযাত্রা’-য় অংশ নিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কোনও ব্যক্তি বা পরিবারের একার বিষয় নয়; এর সঙ্গে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ জড়িত।
নেহরু কলেজ থেকে রাজ্যপালের নেতৃত্বে পদযাত্রার সূচনা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক, সরকারি আধিকারিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ দুই হাজারের বেশি মানুষ এতে অংশ নেন। এর আগে কলেজে আয়োজিত সভায় রাজ্যপাল মাদকাসক্তদের কাউন্সেলিং, চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন ও সাধারণ মানুষকে নিয়ে মাদকবিরোধী সচেতনতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে মাদক পাচার রোধে কাছাড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ-প্রশাসনের অভিযানের পাশাপাশি পাচারচক্র সম্পর্কে তথ্য দিয়ে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানান তিনি। জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাসও নাগরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এদিন মাদকবিরোধী কাজে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে সম্মানিত করা হয়। পাশাপাশি লক্ষীপুরের ১০৮ বছর বয়সি সুনীলা দাসকে ‘বরিষ্ঠ নাগরিক সম্মান’ উদ্যোগে সম্মান জানিয়ে ৫১ হাজার টাকার চেক তুলে দেন রাজ্যপাল। রাজ্যের ১০টি জেলায় চলা এই অভিযান আগামী ২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।



