বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচর এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর অটোমোটিভ ইন্সপেকশন, মেইনটেন্যান্স অ্যান্ড ট্রেনিং (NIAIMT), শিলচরের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক ড. অভিজিৎ নাথ, বাণিজ্য ও ম্যানেজমেন্ট বিভাগের ডিন সঞ্জীব ভট্টাচার্য, বিজ্ঞান বিভাগের ডিন ড. নিলেন্দু ধর এবং এনআইএআইএমটির সাইড হেড ড. অনিন্দ্য বিজয় পাল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি কর্মক্ষেত্রের উপযোগী কৌশলগত দক্ষতা অর্জনের সুযোগ দেওয়াই এই চুক্তির মূল লক্ষ্য। তিনি জানান, শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কারিগরি ও পেশাগত শিক্ষার বিভিন্ন ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু করা হবে। এ উদ্যোগের জন্য বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. সুভাষ দেবনাথকে তিনি ধন্যবাদ জানান। ড. অনিন্দ্য বিজয় পাল বলেন, বর্তমান কর্মক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত টেকনিশিয়ানের চাহিদা রয়েছে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। এতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পাশাপাশি স্বনির্ভরতার পথও প্রসারিত হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে নিবন্ধক ড. বিদ্যুৎ কান্তি পাল এবং এনআইএআইএমটির পক্ষে ড. অনিন্দ্য বিজয় পাল চুক্তিতে স্বাক্ষর করেন।



