বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে এবং শিলচর ক্যান্সার সেন্টার (টাটা)-এর সহযোগিতায় বুধবার ভাগা বাজারের বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ক্যান্সার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিলচর ক্যান্সার সেন্টারের জোনাল কো-অর্ডিনেটর অভিজিৎ ভট্টাচার্য এবং স্টাফ নার্স দাওংগি দারলং ক্যান্সারের বিভিন্ন দিক, প্রতিরোধের উপায় এবং করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ইন্টার্যাক্টিভ সেশনেরও আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর ভাইস প্রেসিডেন্ট অনুপ রায় বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয়ের অধ্যক্ষ সামসুল হক বড়ভূইয়া এই সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষক জাহান উদ্দিন লস্কর, শিক্ষিকা সবনম আরা, মুন্না দাস-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



