বিশেষ প্রতিবেদক, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর: হাইলাকান্দির মনাছড়া গুদামঘাট তিমুখা এলাকায় ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণির এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃত শিক্ষার্থী কাবিরী খানম বড়ভূইয়া, মনাছড়া হায়ার সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণির ছাত্রী তিনি। স্কুল থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। মৃত ছাত্রী হিলাল উদ্দিন বড়ভূইয়ার মেয়ে। বাড়ি রাজ্যেশ্বরপুর তৃতীয় খণ্ডে। কাবিরী মনাছড়ায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করতেন। জানা যায়, হিলাল উদ্দিন ভিন রাজ্যে কর্মরত রয়েছেন।
কলকাতা-সাইরাং ট্রেনের চাকায় কাটা পড়ে কাবিরী খানমের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, বুধবার হাইলাকান্দি রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে সাহিদ আলম মজুমদার (১৯) নামে এক ছাত্রের মৃত্যু ঘটে। তাঁর বাড়িও ছিল মনাছড়া এলাকার আয়নাখাল তিমুকা গ্রামে। মাদ্রাসার ছাত্র ছিলেন।



