বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : ধলাই বিধানসভা কেন্দ্রের নয়াবিল পোস্ট অফিসের অন্তর্গত আলিনপুর ফাঁড়ি গ্রামে কিং কোবরার কামড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম ঋদ্ধি মাল। সে দীপক মাল ও সবত্রী মালের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল প্রায় ৭টা নাগাদ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় ঋদ্ধিকে একটি কিং কোবরা সাপে কামড় দেয়। শিশুটির ঠোঁটে সাপের কামড় লাগে। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে গ্রামের অত্যন্ত বেহাল রাস্তার কারণে হাসপাতালে নিয়ে যেতে যথেষ্ট সময় লেগে যায়। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে পরিস্থিতির অবনতি হয়। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা গ্রামের যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।



