শিলচরে মর্যাদার সঙ্গে হিন্দি দিবস উদযাপন

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং রিদম অ্যান্ড রিড হাবের যৌথ উদ্যোগে সোমবার শিলচরের ইটখলায় মর্যাদার সঙ্গে হিন্দি দিবস উদযাপন করা হয়। পূর্ণ দর্শকাসনের উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে ২২ জন শিশু দেশাত্মবোধক নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, গল্প বলা এবং যোগাসন প্রদর্শনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে। বিশেষ করে শিশুদের যোগাসন প্রদর্শন উপস্থিত দর্শকদের নজর কাড়ে।

ক্লাব ভ্যালি ভিউ-এর প্রজেক্ট চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তাঁর সাবলীল সঞ্চালনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তব্যে তিনি হিন্দি ভাষার প্রসার ও প্রচারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এর মাধ্যমে দেশের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর ভাবনাকে আরও সুদৃঢ় করার বার্তাও দেন তিনি। অনুষ্ঠানের সাফল্যের পিছনে মুখ্য আহ্বায়ক সঞ্জয় দাস এবং সহ-আহ্বায়ক সঙ্গীতা সিংহের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ইটখলা হিন্দি পাঠশালার প্রাক্তন প্রধান শিক্ষিকা তথা অনুষ্ঠানের প্রধান বক্তা রাজকুমারী মিশ্র তথ্যসমৃদ্ধ ও প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। হিন্দি ভাষার গুরুত্ব ও প্রসারের বিভিন্ন দিক তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে আয়োজকদের পক্ষ থেকে উপহার দিয়ে সম্মানিত করা হয়। পুষ্পবতী রায়, রাকেশ তেওয়ারি, অমিত পাটোয়া, সরিতা সিং, পিঙ্কি মহন্ত, কৃষ্ণালয় সিং, অপরাজিতা দেব, মমতা গিরি, জেসমিন মজুমদার এবং লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায় শিশুদের হাতে উপহার তুলে দেন। অনুষ্ঠানে সঞ্জীব রায় তাঁর নিজের রচিত একটি কবিতাও আবৃত্তি করেন।

বর্ণাঢ্য এই হিন্দি দিবস উদযাপন ভাষার প্রতি ভালোবাসা, দেশাত্মবোধ এবং ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-এর এক সুন্দর বার্তা বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *