বেহাল রাস্তা, জমাজল ও বিদ্যুৎ সমস্যায় ক্ষুব্ধ প্রায় ২০০ পরিবার, পল্লীশ্রী লেনে বয়কটের ব্যানার

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, জলাবদ্ধতা ও বিদ্যুৎ বিভ্রাটের সমস্যায় জর্জরিত শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন পল্লীশ্রী লেনের বাসিন্দারা এবার উন্নয়নের দাবিতে সরব হয়েছেন। নিজেদের দাবি তুলে ধরে এলাকায় ব্যানার টাঙিয়ে আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই পল্লীশ্রী লেনের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে নিকাশি নালা পরিষ্কার না হওয়ায় বৃষ্টির জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে রাস্তার বেহাল দশা এবং ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে।

বাসিন্দাদের দাবি, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকায় প্রায় ২০০টি পরিবার বসবাস করে। তাঁদের অভিযোগ, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এলাকায় এসে বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায় না।

এবার তাই শুধু প্রতিশ্রুতিতে আর আস্থা রাখতে নারাজ পল্লীশ্রী লেনের বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার, জল নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আসন্ন পৌর নিগম নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর এই ক্ষোভ এবং ভোট বয়কটের ঘোষণার পর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা দ্রুত সমস্যাগুলির সমাধানে উদ্যোগী হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন পল্লীশ্রী লেনের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *