দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : পার্ক রোড এলাকার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে এ বছর প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সর্বজনীন গণেশ পূজার। গণেশ পূজা কমিটির উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় পূজার উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজনের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে অন্নপূর্ণা ইভেন্টস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ পাল ও উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। তাঁরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে গণেশ পূজার সূচনা করেন। এর মাধ্যমে পার্ক রোড এলাকায় ভক্তদের জন্য ভগবান গণেশের পূজার আয়োজন শুরু হল।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে শুরু হবে মূল পূজার আচার-অনুষ্ঠান। তিন দিনব্যাপী চলবে এই পূজা। এই তিন দিন এলাকার সর্বস্তরের মানুষকে পূজামণ্ডপে উপস্থিত হয়ে গণেশের আরাধনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।
প্রতিদিন দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। পূজার পাশাপাশি প্রসাদ গ্রহণ ও উৎসবের আনন্দ উপভোগ করতে সকলকে পূজামণ্ডপে আসার আহ্বান জানানো হয়েছে।
উদ্যোক্তারা জানান, চলতি বছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়নি। তবে আগামী বছর আরও বড় পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথমবারের এই উদ্যোগকে সফল করে তুলতে পার্ক রোডের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন গণেশ পূজা কমিটির সদস্যরা।



