কাছাড়ের দিগরখাল চেকপোস্টে বিপুল পরিমাণ গাঁজা ও পুস্ত উদ্ধার, গ্রেফতার ৩

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া। 
বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের কাছাড়ের দিগরখাল কালাইনছড়া নাকা চেকপোস্টে পৃথক অভিযানে বিপুল পরিমাণ পুস্ত ও সন্দেহভাজন গাঁজা উদ্ধার করেছে পুলিশ। দু’টি পৃথক ঘটনায় একদিকে একটি লরি থেকে ৬৯টি ব্যাগে ২,০৭০ কেজি পুস্ত উদ্ধার করা হয়, অন্যদিকে একটি গাড়ি থেকে ৩৭৯টি প্যাকেটে মোট ৩৫.১৫৯ কেজি সন্দেহভাজন গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় মোট তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিলচর থেকে মেঘালয়ের উদ্দেশে যাওয়ার পথে AS-01-VC-2850 নম্বরের একটি লরিকে দিগরখাল কালাইনছড়া নাকা চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে লরি থেকে ৬৯ ব্যাগে ২,০৭০ কেজি পুস্ত উদ্ধার হয়। উদ্ধার হওয়া পুস্তের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গেছে। এই ঘটনায় বিপুল বড়ো ও অরুণ বড়ো নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

অন্যদিকে, একই চেকপোস্টে পৃথক অভিযানে AS-01-QC-4152 নম্বরের একটি গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় গাড়ি থেকে ৩৭৯টি প্যাকেটে মোট ৩৫.১৫৯ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় নলবাড়ির বাসিন্দা অরূপ কলিতা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

দু’টি পৃথক ঘটনায় উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া পুস্ত ও গাঁজার উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *