বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : জার্নালিস্টস ইউনিয়ন অফ আসাম (জুয়া)-এর ৩০তম দ্বিবার্ষিক অধিবেশনে সেমিম সুলতানা আহমেদ ও ধনজিৎ কুমার দাস যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার নগাঁও জেলার কলিয়াবরে দু’দিনব্যাপী অধিবেশনের সমাপ্তি ঘটে। অধিবেশনেই নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়।
কলিয়াবর জেলা সমিতির উদ্যোগে আয়োজিত অধিবেশনে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন। তিনসুকিয়া, শিবসাগর, পশ্চিম কার্বি আংলং, বরাক উপত্যকা, নগাঁও, কামরূপ মহানগর, কামরূপ গ্রামীণ, বরপেটা, বাক্সা ও ধুবড়ি-সহ বিভিন্ন জেলার সাংবাদিকরা সম্মেলনে উপস্থিত ছিলেন। বরাক উপত্যকা থেকে ড. হারাণ দে-কে অন্যতম সহ-সভাপতি এবং ড. শতানন্দ ভট্টাচার্যকে সহকারী সম্পাদক হিসেবে কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভাপতি সেমিম সুলতানা আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে জুয়ার বিগত দিনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ কর্মসূচি ও সাংবাদিকদের নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাধারণ সম্পাদক ধনজিৎ কুমার দাস সংগঠনের গত কয়েক বছরের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন। পাশাপাশি হিসাবও উপস্থাপন করা হয়।
জেলা প্রতিনিধিরা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তাঁদের অভিজ্ঞতা, বিভিন্ন প্রতিবন্ধকতা, সাংবাদিকদের সামাজিক সুরক্ষা ও আর্থিক সমস্যার বিষয়গুলি তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সংগঠনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানানো হয়। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজনের প্রস্তাবও রাখা হয়। এছাড়া কেন্দ্রীয় সংবিধান সংশোধন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভাপতি সেমিম সুলতানা আহমেদ বলেন, জুয়া দীর্ঘদিন ধরে অসমের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে তাঁদের অধিকার ও সুরক্ষার জন্য কাজ করে আসছে। আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে সাংবাদিকদের সুরক্ষা ও অধিকার নিয়ে দুটি প্রস্তাব গৃহীত হয়।
নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি:
উপদেষ্টা—মুকুল কলিতা, দামোদর তালুকদার ও রঞ্জিত কুমার দাস।
সভাপতি—সেমিম সুলতানা আহমেদ।
সহ-সভাপতি—ড. হারাণ দে, পলাশ রঞ্জন দাস, গোলাপচন্দ্র শইকিয়া, প্রদীপ কুমার নাথ, সবিতা লহকৰ ও রূপম কাকতি।
সাধারণ সম্পাদক—ধনজিৎ কুমার দাস।
যুগ্ম সচিব—মনোহর রাজবংশী ও জ্যোতির্ময় চক্রবর্তী।
সহকারী সম্পাদক—গৌতম কুমার শর্মা, ড. শতানন্দ ভট্টাচার্য, কেশব বরুয়া, ধর্ম রঞ্জন রায় ও ধ্রুবজ্যোতি নাথ।



