PDS সামগ্রী পাচার হাইলাকান্দিতে, আটক গাড়ি, গ্রেপ্তার ২

Spread the news

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : সরকারি রেশন ব্যবস্থার (PDS) খাদ্যসামগ্রী অবৈধভাবে পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল হাইলাকান্দি পুলিশ। শনিবার অভিযানে একটি গাড়ি আটক করে বিপুল পরিমাণ PDS চাল ও চিনি উদ্ধার করা হয়েছে। ঘটনায় গাড়ির চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি খাদ্যসামগ্রী অবৈধভাবে পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর সময় AS24C9431 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ২৬০ বস্তা PDS চাল এবং ৮০ বস্তা PDS চিনি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া খাদ্যসামগ্রী বদরপুর থেকে গাড়িতে তোলা হয়েছিল। এরপর হাইলাকান্দি-মিজোরাম সড়ক হয়ে সেগুলি মণিপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে উদ্ধার হওয়া খাদ্যসামগ্রীর প্রকৃত উৎস এবং চূড়ান্ত গন্তব্য এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনায় গাড়ির চালক জাহারুল ইসলাম এবং সহকারী আজিবুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *