ধুলোয় অতিষ্ঠ নেহেরু কলেজের পড়ুয়ারা, রাস্তা নির্মাণ সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ পয়লাপুলে

Spread the news

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : রাস্তা নির্মাণের কাজে উড়তে থাকা ধুলোয় অতিষ্ঠ হয়ে পয়লাপুলের নেহেরু কলেজের সামনে পয়লাপুল-হরিনগর সড়ক অবরোধ করলেন কলেজের ছাত্রছাত্রীরা। ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত জল ছেটানোর ব্যবস্থা না করার অভিযোগ তুলে নির্মাণ সংস্থা ব্রহ্মপুত্র কনস্ট্রাকশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

পয়লাপুল থেকে হরিনগর পর্যন্ত সিসি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের কাজ চলছে। অভিযোগ, কাজ চলাকালীন বিপুল পরিমাণ ধুলো উড়লেও তা নিয়ন্ত্রণে পর্যাপ্ত জল ছেটানোর ব্যবস্থা করছে না নির্মাণ সংস্থা। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে শুক্রবার নেহেরু কলেজের সম্মুখে পয়লাপুল–হরিনগর সড়ক অবরোধ করেন পড়ুয়ারা। অবরোধের জেরে সড়কের দু’পাশে যানবাহন আটকে পড়ে এবং কয়েক ঘণ্টা ধরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, ধুলো নিয়ন্ত্রণে প্রতিদিন অন্তত চারবার রাস্তায় জল ছেটাতে হবে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দেন তাঁরা।

পরবর্তীতে ব্রহ্মপুত্র কনস্ট্রাকশনের আধিকারিকরা লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে, প্রতিদিন তিনবার রাস্তায় জল ছেটানো হবে। এই লিখিত আশ্বাস পাওয়ার পর নেহেরু কলেজের ছাত্রছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *