মিজোরাম থেকে সাতটি চোরাই অটো উদ্ধার পাথারকান্দি পুলিশের

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : আন্তঃরাজ্য চোরাই যানবাহন চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ। বিশেষ অভিযানে প্রতিবেশী রাজ্য মিজোরামের দু’টি পৃথক স্থান থেকে সাতটি চুরি যাওয়া অটো উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পাথারকান্দি ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানা এলাকায় চুরি যাওয়া অটো-রিকশাগুলির সন্ধানে বেশ কিছুদিন ধরেই তদন্ত চালানো হচ্ছিল। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র হাতে আসার পর শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার নীলা দোলের নির্দেশে পাথারকান্দি থানার ওসি বিশ্বজিৎ দেওরির নেতৃত্বে অসম পুলিশের একটি দল মিজোরামে অভিযান চালায়।

অভিযানের সময় মিজোরামের দু’টি পৃথক স্থান থেকে একে একে মোট সাতটি চোরাই অটো-রিকশা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া অটোগুলি কীভাবে মিজোরামে পৌঁছেছিল এবং এর পেছনে কোনও আন্তঃরাজ্য চোরাই যানবাহন চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়, চোরাই অটো-রিকশার ক্রেতা ও পাচারকারীদের বিষয়ে তথ্য সংগ্রহে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। উদ্ধার হওয়া যানগুলির প্রয়োজনীয় নথিপত্রও যাচাই করা হচ্ছে। পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরেছে চুরি যাওয়া অটোর মালিকদের মধ্যে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আন্তঃরাজ্য সীমান্তকে কাজে লাগিয়ে চোরাই যানবাহন পাচারের অভিযোগ নতুন নয়। মিজোরামের দুই স্থান থেকে একসঙ্গে সাতটি অটো-রিকশা উদ্ধারের ঘটনায় একটি বড় চক্রের সন্ধান মিলতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মূল চক্রের হদিস পেতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *