বিজেপির প্রার্থী তালিকা ঘিরে ৪১ নম্বর ওয়ার্ডে অসন্তোষ, নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি

Spread the news

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর দলের অন্দরেই অসন্তোষের সুর ক্রমশ জোরালো হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী নির্বাচন নিয়ে ক্ষোভ দেখা দেওয়ার পাশাপাশি ‘বহিরাগত প্রার্থী’র অভিযোগ তুলে পাল্টা নির্দল প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।

বুধবার ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী- সমর্থক ও স্থানীয় নাগরিকদের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে প্রার্থী নির্বাচন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে স্থানীয় বিশিষ্ট নাগরিকরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য ও শিক্ষিত স্থানীয় ব্যক্তির অভাব নেই। তা সত্ত্বেও বিজেপি বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় তাঁরা ক্ষুব্ধ।

স্থানীয় নাগরিকদের বক্তব্য, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। বিজেপির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে তাঁরা নির্দল প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাবেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত নাগরিকদের দাবি, নির্বাচনে নির্দল প্রার্থীকে জয়ী করে বিজেপির প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্তের ‘মোক্ষম জবাব’ দেওয়া হবে। দল ত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শিলচর পুর নিগম নির্বাচনের আগে ৪১ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এ দিন সাংবাদিক বৈঠকে সোমা আচার্য, বাপ্পি সেন, মজিব উদ্দিন বড়ভূইয়া, জয় পোদ্দার, সঞ্জু গোয়ালা, অর্পনা দেব, তুলি দাস সহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *