শিলচরে স্বর্ণশিল্পী ঐক্যের চতুর্থ গণেশ চতুর্থী উৎসবের প্রস্তুতি, উদ্বোধন ১৪ই

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচরের এনএন দত্ত রোডে স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজা কমিটির উদ্যোগে চতুর্থবারের মতো গণেশ চতুর্থী উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর গণেশ মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি হবে। বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে আয়োজকেরা এবারের উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মহারাজের হাত ধরে গণেশ চতুর্থী পূজার উদ্বোধন হবে। উদ্বোধনী সন্ধ্যায় শিলচরের ফকিরা গ্রুপের সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি ত্রিপুরার প্রখ্যাত বাউল শিল্পীদের বাউল সঙ্গীত পরিবেশনের আয়োজন রয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৫টা ৩৯ মিনিট থেকে ৮টা ২৫ মিনিটের মধ্যে গণেশ পূজার মূল আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এছাড়া সন্ধ্যা ৭টায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের শেষ দিন ১৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় শিলচর নরসিংটলা এনএন দত্ত রোডের পূজা প্যান্ডেল থেকে বর্ণাঢ্য বিসর্জনযাত্রা বের হবে। পশ্চিমবঙ্গের ২০ জন মহিলা ঢাকি ঢাক বাজিয়ে গাড়িতে করে গণেশ মূর্তি নিয়ে শিলচর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন। পরে যাত্রাটি শিলচর সদরঘাটের বিসর্জন ঘাটে পৌঁছে সমাপ্ত হবে। আয়োজকদের দাবি, এবারের গণেশ চতুর্থী উৎসবকে সম্পূর্ণ ব্যতিক্রমী ও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর প্রায় আড়াই হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছিল। এবার আরও বেশি ভক্তের সমাগম হবে বলে আশাবাদী পূজা কমিটির সদস্যরা।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি স্বপন কুমার পাল, সম্পাদক সানি বণিক, কোষাধ্যক্ষ রাজেশ চন্দ্র পাল (রাখু), সুজিত দেবনাথ, রাজেশ পাল, মধুসূদন পাল, রাজিব সাহা (বাপ্পী), গৌতম দেব, বলরাম ধর, রূপন বণিক, সূদন পাল, সুবোধ পাল, প্রণয় পাল, শ্যামল দেবনাথ, অজয় দেবনাথ, প্রদীপ দেবনাথ, শংকর সরকার, গোপাল বণিক, পিঙ্কু দেব প্রমুখ। পূজা কমিটির পক্ষ থেকে এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে উৎসবে উপস্থিত হয়ে গণেশ চতুর্থীর আনন্দে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *