বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : কিংবদন্তি শিল্পী, সুরকার, গীতিকার ও ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্কৃতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন।
অনুষ্ঠানের শুরুতে ভূপেন হাজরিকার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তাঁর অমর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় সমবেত সংগীত।

অনুষ্ঠানে এসএস কলেজ, হাইলাকান্দির অধ্যাপক ড. দেবাশিস গুহঠাকুরতা ভূপেন হাজরিকার বর্ণময় জীবন, সৃষ্টিকর্ম এবং সঙ্গীত, সাহিত্য ও অসমের সাংস্কৃতিক ঐতিহ্যে তাঁর অনন্য অবদান সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা কমিশনার অন্তরা সেন বলেন, বিশ্ববরেণ্য এই শিল্পীর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে পেরে সকলে গর্বিত ও আনন্দিত। ড. ভূপেন হাজারিকার সৃষ্টিতে যে মানবতাবাদ, সাম্য ও সম্প্রীতির বার্তা নিহিত রয়েছে, তা আগামী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শংকর চৌধুরীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, ভূপেন হাজরিকার অমর সৃষ্টির সুর, মানবতাবাদী চিন্তা ও আদর্শ চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে এবং প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা কমিশনার মিনর্ভা সিংহ, সহকারী কমিশনারবৃন্দ এবং জেলা কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁরা সমবেত সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে মহান শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উপলক্ষে হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের কার্যালয়েও তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।



