বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ধলাইয়ের সপ্তগ্রাম জিপির আরজানপুর ও পশ্চিম সপ্তগ্রাম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নিল সারা ভারত কৃষক সভা। কাছাড় জেলা কমিটির সভাপতি রেজামন্দ আলি বড়ভূইয়ার নেতৃত্বে বাম ধলাই আঞ্চলিক কমিটির এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজ খবর নেন। সম্প্রতি বন্যার কারণে ওই এলাকার বিভিন্ন পরিবার সমস্যার সম্মুখীন হওয়ায় তাঁদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে জানতেই প্রতিনিধি দলের এই পরিদর্শন বলে জানা গেছে।
প্রতিনিধি দলের সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। বন্যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা ব্যাহত হয়েছে, সেই বিষয়েও তাঁরা খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রেজামন্দ আলি বড়ভূইয়া ছাড়াও ছিলেন ইসলাম উদ্দিন, আব্দুল ওয়াহিদ লস্কর, সিদ্দেক আলি বড়ভূইয়া, আবিদুর রহমান, মনির উদ্দিন বড়ভূইয়া প্রমুখ।



