বাংলাদেশে বন্দি বলাইকে দেশে ফেরানোর দাবি, রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : বাংলাদেশে বন্দি ভারতীয় নাগরিক বলাই নমশূদ্রকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে শ্রীভূমিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (BGB)-এর হাতে আটক ওই ভারতীয় মৎস্যজীবীকে অবিলম্বে মুক্ত করে ভারতে ফিরিয়ে আনার দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে স্মারকপত্র প্রদান করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার পর বলাই নমশূদ্রকে বাংলাদেশে আটক করা হয়। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁকে জেলে রাখা হয়েছে বলে দাবি তাঁদের। দীর্ঘদিন ধরে বাংলাদেশে বন্দি থাকায় তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বলাই নমশূদ্রকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, তিনি একজন ভারতীয় নাগরিক। জীবিকার প্রয়োজনে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে থাকলে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা প্রয়োজন। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

এদিন জেলা প্রশাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির উদ্দেশে স্মারকপত্র দেওয়া হয়। স্মারকপত্রে বলাই নমঃশূদ্রের বিষয়টি কূটনৈতিক পর্যায়ে উত্থাপন করে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা এবং তাঁকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।

প্রতিবাদকারীদের বক্তব্য, সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে ভুলবশত আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করার ঘটনা নতুন নয়। এই ধরনের ঘটনায় আটক ভারতীয় নাগরিকদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দ্রুত দেশে ফিরিয়ে আনতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এদিকে, বলাই নমশূদ্রের পরিবারও তাঁর দ্রুত দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। এখন রাষ্ট্রপতির কাছে পাঠানো স্মারকপত্রের পর কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *